
গাজীপুর মহানগরীর ৩৮ নং ওয়ার্ডের সোয়াদ কমিউনিটি সেন্টারে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন 'নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা'–এর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ এবং এক ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা তাদের মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সমাজে এক ইতিবাচক ভূমিকা রাখছে। অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তারা যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও অন্যান্য সামাজিক সংগঠনগুলোকেও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি প্রদীপ দেবনাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী মামুনের সার্বিক সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে প্রদীপ দেবনাথ বলেন, সমাজের অসহায় মানুষের সেবা করাই এই সংগঠনের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সাধারণ সম্পাদক গাজী মামুন তার বক্তব্যে উল্লেখ করেন যে, সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানের এক পর্যায়ে জিএমপি কমিশনারকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ শাহীন এবং কোষাধ্যক্ষ শওকত আলী ফকিরের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। আলোচনা সভা শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ পরিচালনা করেন গাজী মামুন। মাহফিল শেষে সংগঠনের সদস্যরা অসহায়, দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে সমাজের সচেতন ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রফিকুল ইসলাম, জি পি গ ২১/১, মহাখালী স্কুল রোড, বনানী, গুলশান ১২১২ ,ঢাকা। ফোন -০১৭১১৯৮৫৮৩৫, বার্তা ও বিজ্ঞাপন-০১৭১৩৪৭৬৯৭০, ইমেইল-sottounmochon75@gmail.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।