
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোট নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ইনসাফ ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারলেই জনগণের অধিকার সমুন্নত থাকবে।
মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ঘোষণা দেন, জোটের প্রার্থীদের নির্বাচিত করলে দেশে কোনো বৈষম্য থাকবে না এবং দুর্নীতির শিকড় উপড়ে ফেলে একটি কল্যাণকামী রাষ্ট্র গঠন করা হবে।বিগত সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, দেশে দুই ধরনের উন্নয়ন হয়েছে—একটি সাধারণ মানুষের, আর অন্যটি রাজনৈতিক নেতাকর্মীদের।
তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে সাড়ে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। উন্নয়নের নামে রডের বদলে বাঁশ আর সিমেন্টের বদলে ছাই ব্যবহারের কথা উল্লেখ করে তিনি বলেন, যারা জনগণের সম্পদ চুরি করে আল্লাহ তাদের ওপর প্রতিশোধ নেন এবং তারা বারবার লাঞ্ছিত হন। তিনি আরও বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে ১৮ কোটি মানুষের ভাগ্য বদলানো হবে এবং প্রয়োজনে দুর্নীতিবাজদের পেটের ভেতর থেকে টাকা বের করে আনা হবে।
[caption id="attachment_2391" align="alignnone" width="300"]
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান[/caption]
গাজীপুরের শিল্পাঞ্চল ও শ্রমিক অধিকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, গাজীপুর একটি গুরুত্বপূর্ণ শিল্প এলাকা হলেও এখানে শৃঙ্খলা ও শ্রমিকদের নিরাপত্তার অভাব রয়েছে। বিশেষ করে নারী শ্রমিকদের প্রতি অবহেলা ও বেতন বৈষম্যের তীব্র নিন্দা জানান তিনি। তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে মায়েদের জন্য বিশেষ কর্মঘণ্টা ও প্রতিটি কারখানায় উন্নত ডে-কেয়ার সেন্টার নিশ্চিত করা হবে যাতে মায়েরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সন্তানদের যত্ন নিতে পারেন। তিনি স্পষ্ট করেন, "সুস্থ মা ও সুস্থ শিশু মানেই আগামী দিনের সুস্থ সমাজ।"
গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ডা. শফিকুর রহমান যুবসমাজকে দেশের হাল ধরার আহ্বান জানিয়ে বলেন, যুবকরা আর পেছনে তাকাবে না, তারা সামনে এগিয়ে যাবে। তিনি প্রতিপক্ষ দলগুলোর সমালোচনা করে বলেন, যারা ইসলামের জাগরণ দেখে দিশেহারা হয়ে মা-বোনদের অবমাননা করে, তাদের এই বাংলার মাটিতে ছাড় দেওয়া হবে না। হেলিকপ্টার যোগে সভাস্থলে পৌঁছানোর পর তিনি ১১ দলীয় জোটের প্রার্থীদের জনগণের সাথে পরিচয় করিয়ে দেন এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে ভোট প্রার্থনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রফিকুল ইসলাম, জি পি গ ২১/১, মহাখালী স্কুল রোড, বনানী, গুলশান ১২১২ ,ঢাকা। ফোন -০১৭১১৯৮৫৮৩৫, বার্তা ও বিজ্ঞাপন-০১৭১৩৪৭৬৯৭০, ইমেইল-sottounmochon75@gmail.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।