
গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২২ মামলার আসামি মো. মঞ্জু মিয়াসহ তিন দুর্ধর্ষ অপরাধীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, অবৈধ অস্ত্র ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে মো. মঞ্জু মিয়া (৪০) এক কুখ্যাত অপরাধী হিসেবে পরিচিত। তিনি উত্তর খাইলকুর এলাকার মৃত খোরশেদের ছেলে। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, অ'স্ত্র আইন, পুলিশ এসল্ট ও মাদক সংক্রান্ত মোট ২২টি মামলা চলমান রয়েছে। অভিযানে গ্রেফতার হওয়া অপর আসামি শেখ শরিফ (৩০) গাছা বাজার ৩নং কলোনী এলাকার বাসিন্দা; তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ ৩টি মামলা রয়েছে। এছাড়া সাউথ কালিয়াকৈর এলাকার মো. সুমন মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়েছে, যার বিরুদ্ধে মাদক সংক্রান্ত ৩টি মামলা রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মহানগরীতে অপরাধীদের তৎপরতা কঠোরভাবে দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের এমন বিশেষ চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রফিকুল ইসলাম, জি পি গ ২১/১, মহাখালী স্কুল রোড, বনানী, গুলশান ১২১২ ,ঢাকা। ফোন -০১৭১১৯৮৫৮৩৫, বার্তা ও বিজ্ঞাপন-০১৭১৩৪৭৬৯৭০, ইমেইল-sottounmochon75@gmail.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।