
শীতার্ত ও অসহায়দের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে গাজীপুরের জনপ্রিয় সামাজিক সংগঠন ‘নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা’। সাম্প্রতিক তীব্র শৈত্যপ্রবাহে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে সংস্থাটির কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পার্শ্বে মৎস্য খামার সংলগ্ন এলাকায় আয়োজিত এই মহতী উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে, রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবতার কল্যাণে কাজ করাই প্রকৃত সামাজিক দায়িত্ব। বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি সংগঠনের এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ‘দৈনিক আমার প্রাণের বাংলাদেশ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. আব্দুল্লাহ আল মামুন নৈতিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, খোলা আকাশের নিচে বসবাসরত মানুষের দ্বারে দ্বারে গিয়ে সহায়তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ সত্যিই বিরল। অনুষ্ঠানের মুখ্য আলোচক গাজীপুর শহর সমাজসেবা অফিসার যোবায়ের আলম সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ের এই ধরনের সামাজিক কার্যক্রমের প্রয়োজনীয়তা তুলে ধরেন যা দারিদ্র্য বিমোচনকে ত্বরান্বিত করে।
সংগঠনের সভাপতি প্রদীপ দেবনাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আনিসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ,মো.রফিকুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংবাদকর্মীদের উপস্থিতিতে এই মানবিক সহায়তা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয় এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রফিকুল ইসলাম, জি পি গ ২১/১, মহাখালী স্কুল রোড, বনানী, গুলশান ১২১২ ,ঢাকা। ফোন -০১৭১১৯৮৫৮৩৫, বার্তা ও বিজ্ঞাপন-০১৭১৩৪৭৬৯৭০, ইমেইল-sottounmochon75@gmail.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।