গাজীপুরের কালিয়াকুরে গরু চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে তিনজনের মৃ’ত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ঘটনার সময় উত্তেজিত জনতা সন্দেহভাজনদের ব্যবহৃত একটি ট্রাকে আ’গুন ধরিয়ে দিলে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। কালিয়াকুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম গণপিটুনিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে ওই এলাকায় গরু চুরির ঘটনা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছিল। এরই পরিপ্রেক্ষিতে শনিবার দিবাগত রাত তথা রোববার ভোররাতে একটি ট্রাক নিয়ে একদল ব্যক্তি বাঘচালা এলাকায় গরু চুরির উদ্দেশ্যে হানা দেয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী চারদিক থেকে তাদের ধাওয়া করে। এ সময় দলের কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে ধরে ফেলে বিক্ষুব্ধ জনতা।
স্থানীয়দের গণপিটুনিতে ঘটনাস্থলেই ওই তিন ব্যক্তির মৃ’ত্যু নিশ্চিত হয়। ঘটনার পরপরই উত্তেজিত জনতা অভিযুক্তদের ব্যবহৃত ট্রাকে অ’গ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়’ন্ত্রণে আনে এবং ট্রাকের আ’গুন নির্বাপণ করে। পুলিশ জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।